বৈশ্বিক মানব পাচারের পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তর প্রকাশিত ওই তালিকায় বাংলাদেশকে রাখা হয়েছে মানব পাচার রোধে বিশেষ অগ্রগতি অর্জনকারী দেশের তালিকায়।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মানব পাচাররোধে বিশেষ ভূমিকা পালনকারী বিশ্বের বিভিন্ন দেশের নয়জনকে সম্মাননা প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
প্রতিবেদনে ১৮৮টি দেশকে চারটি শ্রেণিতে বিন্যস্ত করা হয়েছে। দ্বিতীয় শ্রেণিতে আছে বাংলাদেশের অবস্থান। মানব পাচাররোধে যুক্তরাষ্ট্রের নির্ধারিত মানদণ্ড পূরণকারী দেশগুলোকে প্রথম শ্রেণিভুক্ত (টায়ার-১) করা হয়েছে। দ্বিতীয় শ্রেণিতে আছে সেসব দেশ, যারা এই মানদণ্ড পুরোপুরি পালন করতে পারেনি, কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আর মানদণ্ড পূরণে পুরোপুরি ব্যর্থ দেশগুলোর চতুর্থ শ্রেণিতে স্থান হয়েছে।
অনুষ্ঠানে জন কেরি বলেন, ‘রাজনীতি বা অন্য কোনো বিষয়ের ওপর নির্ভর করে এ তালিকা তৈরি করা হয়নি।’