মানব পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়। তিনি গতকাল শুক্রবার সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্যদের সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান।
অজয় রায় বলেন, এই উপমহাদেশে আল-কায়েদা নিজেদের অস্তিত্ব ঘোষণা দিয়ে যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, তা এ দেশের মানুষ মেনে নেবে না। তিনি বাংলাদেশের অতীত ইতিহাস ধারণ করে দলমত-নির্বিশেষে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় পয়লা বৈশাখকে ঘিরে বিভিন্ন সময়ে ধর্মান্ধ গোষ্ঠীর মানুষ হত্যা, এবারে পয়লা বৈশাখে প্রকাশ্যে নারী লাঞ্ছনা, মানব পাচার ও বাড়ি দেবে ১২ জনের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
সভায় অন্যদের মধ্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, জিয়াউদ্দিন তারেক আলী, নুর মোহাম্মদ তালুকদার, আজিজুর রহমান, এস এম এ সবুর, সুকুমার দেব রায়, অশোক সরকার, আবদুল মুনায়েম নেহেরু, রুহুল আমিন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নকারী ভাস্কর নভেরা আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে সভায় এক মিনিট নীরবতা পালনও করা হয়।