মানব পাচার রোধে একত্রে কাজ করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসাদুজ্জামান খান
আসাদুজ্জামান খান

মানব পাচারকারীদের দেশের শত্রু উল্লেখ করে তাদের প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
‘নিরাপদ অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) ও র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ থেকে যাঁরা বিদেশে যাবেন তাঁদের দক্ষ হয়ে যেতে হবে। সরকার এ জন্য নতুন করে আরও ৪০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র করছে। আর প্রবাসীদের কল্যাণেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।’
অনুষ্ঠানে আসাদুজ্জামান খান বলেন, ‘আমি মালদ্বীপে গিয়ে দেখি, অনেক লোক রাস্তায় শুয়ে আছে, কাজ নেই। দূতাবাস থেকে বলা হয়, এরা বৈধভাবে আসেনি। আরেক দেশে গিয়ে শুনি, সেখানকার জেলে ৮০০ বাংলাদেশি। সাগরপথে হাজার হাজার মানুষ গেছে। থাইল্যান্ড বা মালয়েশিয়ার জঙ্গলে অনেকের গণকবর মিলেছে। আমরা চাই না এগুলো থাকুক।’
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার বলেন, অবৈধভাবে কারোই বিদেশে যাওয়া উচিত না। মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য নারী পাওয়া যাচ্ছে না। আর অনেকেই অবৈধভাবে চলে যাচ্ছেন।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা বলেন, ‘গত বছর ৭ লাখ ৫৭ হাজার লোক চাকরি নিয়ে বিদেশে গেছে। আমরা মনে করছি এই বছর এই সংখ্যা ১০ লাখ ছাড়াবে।’
র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘মানব পাচারের মতো মর্মান্তিক ঘটনা থেকে আমরা বের হতে চাই। র্যা ব এ জন্য কাজ করছে। তবে মানুষকেও সচেতন হতে হবে।’ বায়রার সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বায়রার সাবেক সভাপতি নূর আলী ও বর্তমান মহাসচিব রুহুল আমিন বক্তব্য দেন। অনুষ্ঠানে পাচার হয়ে ফিরে আসা ১০ জনকে ১ লাখ টাকা করে দেওয়া হয়।