যৌথ তদন্ত ও তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক সই হবে
মানব পাচার রোধে যৌথ উদ্যোগ নেবে বাংলাদেশ ও থাইল্যান্ড
মানব পাচার ও অবৈধ অভিবাসন বন্ধ করতে বাংলাদেশ ও থাইল্যান্ড একসঙ্গে কাজ করবে। দীর্ঘ মেয়াদে এ সমস্যা সমাধানের জন্য দুই পক্ষের মধ্যে সহযোগিতার পাশাপাশি বহুপক্ষীয় সহযোগিতার পক্ষে মত দিয়েছে এই দুই দেশ।
ঢাকায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও থাইল্যান্ডের পররাষ্ট্রসচিবেরা তাঁদের বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম এই বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব নরাছিত সিনহাসেনি অংশ নেন।
শহীদুল হক বলেন, মানব পাচার রোধে দুই দেশ আরও সহযোগিতামূলক পদক্ষেপ নিতে রাজি হয়েছে।
এ প্রসঙ্গে নরাছিত সিনহাসেনি বলেন, এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন। এ জন্য জীবন ও জীবিকার উন্নতির মাধ্যমে এসব লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে করে তাঁরা জীবনকে ঝুঁকির দিকে ঠেলে না দেন। মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নাগরিকত্ব না দেওয়া এ সমস্যার জন্য দায়ী কি না—জানতে চাইলে তিনি বলেন, এ সমস্যার জন্য একে অন্যকে দোষারোপ করলে সমস্যার সমাধান হবে না। বরং এ সংকট সমাধানে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
নরাছিত সিনহাসেনি জানান, আগামী ২ জুলাই এ বিষয়ে মালয়েশিয়ায় আসিয়ানের মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও জাপান অংশ নেবে। বৈঠকে অবৈধ অভিবাসন এবং মানব পাচার বন্ধে কর্মসংস্থান সৃষ্টিসহ দীর্ঘস্থায়ী সমাধানের বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশের সঙ্গে মানব পাচার রোধে স্থায়ী কোনো দ্বিপক্ষীয় ফোরাম হচ্ছে কি না—জানতে চাইলে দুই সচিব জানান, মানব ও মাদক পাচার রোধে দুই দেশ তথ্য বিনিময় ও যৌথ অভিযান চালাতে একটি সমঝোতা স্মারক সইয়ের কথা ভাবছে।
এদিকে বৈঠকের পর দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাকার অবৈধ ব্যবহার, মাদক পাচারসহ আন্তসীমান্ত অপরাধ রোধে দুই দেশ থাইল্যান্ডের বিশেষ তদন্ত বিভাগ (ডিএসআই) ও বাংলাদেশের পুলিশের বিশেষ শাখার (এসবি) মধ্যে সহযোগিতা কার্যকর করার অংশ হিসেবে একটি সমঝোতা স্মারক সই করতে রাজি হয়েছে। আন্তসীমান্ত অপরাধ দমনে দুই দেশ একটি দ্বিপক্ষীয় ফোরাম গঠন করতে একমত হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুই দেশের বাণিজ্যমন্ত্রীদের ফোরাম জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) চতুর্থ বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রীদের ফোরাম জয়েন্ট কমিশনের সপ্তম বৈঠক এ বছরের শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে।