মানব পাচার প্রতিরোধ ও দমন আইনটি কার্যকর হয়েছে গত বছরের ফেব্রুয়ারি মাসে। তবে এখনো বিধিমালা তৈরি হয়নি বলে এ আইনটির প্রয়োগ নানা ধরনের বাধার মুখে পড়ছে। আইনে থাকলেও এখনো জাতীয় মানব পাচার দমন সংস্থা, পাচার প্রতিরোধ তহবিল বা পাচারের শিকার ব্যক্তিদের জন্য আশ্রয় বা পুনর্বাসন কেন্দ্র গঠনের বিষয়গুলো আলোর মুখ দেখেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনটির বিধিমালার একটি খসড়া তৈরি করলেও তা এখনো চূড়ান্ত হয়নি। পুলিশ সদর দপ্তরের মানব পাচার প্রতিরোধ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনটি একটি সমন্বিত আইন। এটি পুরোপুরি কার্যকর করার জন্য বিধিমালার বিষয়টি জরুরি। যেমন, এ আইনে পাচারে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করা এবং তা পাচারের শিকার ব্যক্তিদের সহায়তায় ব্যবহার করার বিধান রাখা হয়েছে। এসব বিধান স্পষ্ট করার জন্য দ্রুত বিধিমালা তৈরি জরুরি। নতুন আইনের আওতায় দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ পদমর্যাদার বিচারকের সমন্বয়ে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করার কথা থাকলেও তা করা হয়নি। বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানব পাচার দমনে নতুন আইনটি কার্যকর হওয়ার পর সরকার গত বছর এ বিষয়ে তিন বছর মেয়াদি (২০১২-১৪) একটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করে। কর্মপরিকল্পনায় এ আইনের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ জন্যও দ্রুত বিধিমালা তৈরি হওয়া জরুরি।নতুন আইনে বলা হয়েছে, রহিত করা আইনের অধীনে বা আলোকে জারি করা আদেশ, নির্দেশ বা দায়ের করা মামলা নতুন আইন প্রবর্তনের তারিখ থেকে এ আইনের আওতায় দায়ের করা হয়েছে বলে গণ্য করতে হবে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বলেন, আইনটি সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কি না, তা নিশ্চিত করতে বিধিমালা থাকা জরুরি। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি নতুন আইনের আওতায় প্রথম মামলাটি করে। আইন এবং বিধিমালার খসড়া তৈরিতেও এ সংগঠনটি সম্পৃক্ত রয়েছে। এর নির্বাহী পরিচালক সালমা আলী প্রথম আলোকে বলেন, তড়িঘড়ি করে বিধিমালা তৈরি করলে হবে না। মানব পাচার প্রতিরোধসংক্রান্ত জাতীয় কমিটির মূল দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, আইনের কার্যক্রম বিধিমালার অভাবে আটকে নেই। আইনের আওতায় মামলা হচ্ছে। বিধিমালার ব্যাপারে কাজ চলছে।