মানব পাচারকারী চক্র ভেঙে দিয়েছে মালয়েশীয় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় মানব পাচারকারীদের একটি বড় চক্র গুঁড়িয়ে দিয়েছে সে দেশের পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৬৪ জনকে। এই চক্র গত ১৩ মাসে ১ হাজার ৭৫২ বাংলাদেশিকে মালয়েশিয়ায় পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। খবর নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার।
পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, মানব পাচারকারী চক্রটি ভেঙে দিতে দুই মাস ধরে সেলাঙ্গর ও নেগরি সেমবিলাম রাজ্যে অভিযান চালানো হয়। এতে ৪৬ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী এবং আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশি ছাড়া গ্রেপ্তার অন্য ১৮ জন পাচারকারীদের এজেন্ট, নৌকার মাঝি, আবাসনের জায়গায় তত্ত্বাবধায়কসহ বিভিন্ন কাজ করতেন।
পুলিশের মহাপরিদর্শক আরও জানান, পুলিশ গত ১৩ আগস্ট থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অভিযান চালিয়ে উল্লিখিত ৬৪ জনকে গ্রেপ্তার করে। গত বছরের প্রথম দিক থেকে ওই চক্রটি মানব পাচার শুরু করে। তারা প্রতিবেশী ইন্দোনেশিয়া থেকে অবৈধভাবে মালয়েশিয়ায় লোক নিয়ে আসত। পুলিশের ধারণা, এরা মালয়েশিয়ায় বসে (বিশেষ করে সেলাঙ্গর থেকে) নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় কাজ করত।