মানব পাচারকারী চক্রের দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে জিম্মি করে দেশে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁরা হলেন আবুল হোসেন হেলাল (৩৫) ও বিপ্লব রায় (২০)। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মাণাধীন এয়ারপোর্ট প্লাজার পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে পিবিআই বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে দেওয়া মালয়েশিয়ার ভ্রমণ ভিসাসহ ছয়টি পাসপোর্ট, উড়োজাহাজের ছয়টি টিকিট ও হোটেল বুকিং কার্ড উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ওই দুজন পিবিআইকে জানিয়েছেন, তাঁরাসহ এই চক্রের সদস্যরা তাঁদের নির্ধারিত প্রতিনিধির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে লোক সংগ্রহ করেন। অল্প খরচে বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের বিদেশ পাঠান। এরপর বিদেশে থাকা চক্রের অন্য সদস্যরা তাঁদের (বিদেশে পাঠানো লোককে) জিম্মি করে রাখেন। পরে মুঠোফোনে কথা বলে জিম্মি ওই সব ব্যক্তির আত্মীয়স্বজনের
কাছ থেকে মুক্তিপণ দাবি করেন চক্রের সদস্যরা। দাবি অনুযায়ী মুক্তিপণ দিলে জিম্মিদের তাঁরা মুক্তি দেন। কিছু ক্ষেত্রে হত্যা
করে লাশ গুম করেন চক্রের সদস্যরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যে এই চক্রের একাধিক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।