কক্সবাজার-টেকনাফ মহাসড়কে গতকাল শনিবার মানব পাচারবিরোধী রোডমার্চ হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেন। কর্মসূচি থেকে মানব পাচারকারীদের গ্রেপ্তার ও দেশের সাধারণ মানুষের নিরাপত্তার দাবি জানানো হয়।
সকাল ১০টায় কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। কক্সবাজার হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) এই কর্মসূচির আয়োজন করে।
সুলতানা কামাল বলেন, ‘কক্সবাজার উপকূল দিয়ে পাচার হওয়া হাজার হাজার মানুষকে থাইল্যান্ড, মালয়েশিয়া সীমান্তে গণকবর দেওয়া হয়েছে, এই খবর বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে। ট্রলারডুবিতে শত শত মানুষের মৃত্যু হচ্ছে। অথচ দালালেরা লোভের বশে গ্রামের সহজ-সরল লোকজনকে সমুদ্রে ঠেলে দিচ্ছে। মুক্তিপণের জন্য তাঁদের ওপর চালাচ্ছে বর্বর নির্যাতন। কিন্তু দালালেরা ধরাছোঁয়ার বাইরে। আমাদের কাছে খবর রয়েছে, এখানকার বহু দালাল এলাকায় ঘোরাফেরা করছে। অথচ পুলিশ তাদের ধরছে না। এ ব্যাপারে লোকজনকে সচেতন করতে এই রোডমার্চ।’
সুলতানা কামাল আরও বলেন, মানব পাচারের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক প্রভাবশালী ও জনপ্রতিনিধিরা জড়িত। তাই মূলহোতারা ধরা পড়ে না।
মানুষের নিরাপত্তা দাবি করে সুলতানা কামাল বলেন, বিদেশের বিভিন্ন কারাগারে যাঁরা বন্দী আছেন, তাঁদের দ্রুত ফিরিয়ে এনে পুনর্বাসন ও ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আসকের পরিচালক (তদন্ত) মো. নুর খান, অভিবাসীদের নিয়ে কর্মরত সংগঠন ‘ভালোবাসি বাংলাদেশ’র প্রতিনিধি হারুন অর রসিদ, বিলসের সুলতান উদ্দীন আহমদ, এইচআরডিএফের আহ্বায়ক অরূপ বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক আবদুল শুক্কুর, সমাজকর্মী দিদারুল আলম, সিরাজ উদ্দিন, মিজানুর রহমান প্রমুখ।
এরপর সুলতানা কামালের নেতৃত্বে রোডমার্চ গাড়ির বহর নিয়ে টেকনাফের উদ্দেশে যাত্রা করে। পথে দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বাজার ও মরিচ্যা পালং উচ্চবিদ্যালয়ে পৃথক দুটি মানব পাচারবিরোধী সমাবেশ করা হয়। বেলা দুইটায় উখিয়া ডিগ্রি কলেজ, তিনটায় নয়াবাজার উচ্চবিদ্যালয় ও চারটায় নীলাবাজার এবং সন্ধ্যায় টেকনাফ বাসস্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে সুলতানা কামাল মানব পাচারের বিরুদ্ধে এলাকার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আসকের পরিচালক নুর খান জানান, মানুষ চায় কক্সবাজার উপকূল দিয়ে মানব পাচার বন্ধ হোক। দালালেরা ধরা পড়ুক। কিন্তু অজানা আতঙ্কে তারা মাঠে নামতে পারছে না।
এইচআরডিএফ যুগ্ম আহ্বায়ক আবদুল শুক্কুর জানান, পাচারের পর নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার, বিদেশে আটক ব্যক্তিদের তালিকা তৈরি ও পুনর্বাসন, ক্ষতিপূরণ, দালালদের গ্রেপ্তারসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে এই রোডমার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে।