মানব পাচারকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারকারীদের গ্রেপ্তার এবং মানব পাচার প্রতিরোধ কমিটির নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার সকালে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে উখিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটি। সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন।
মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, জেলা উদীচীর সভাপতি মোহাম্মদ আলী জিন্নাত, সাজ্জাতুন নেছা, মিজানুর রহমান, এইচ এম এরশাদ প্রমুখ।
আবুল কাশেম বলেন, ২০১৪ সালের শুরুতে কক্সবাজারের বিভিন্ন এলাকা দিয়ে মানব পাচারের ঘটনায় বিশ্বব্যাপী যখন তোলপাড় সৃষ্টি হয় তখন স্থানীয় তরুণ সমাজ এগিয়ে আসে। তারা মানব পাচারকারীদের বিরুদ্ধে জনমত গঠনে মানববন্ধন, পথসভাসহ নানা কর্মসূচি পালন করে আসছে। এতে একটি মহল ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ আট সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান বলেন, ৬ জানুয়ারি কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটির পক্ষে মানব পাচারকারীদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত চিহ্নিত মানব পাচারকারীরা ধরা পড়েনি। তিনি অভিযোগ করেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণে আত্মগোপনে থাকা মানব পাচারকারীরা এলাকায় ফিরে আবারও মানব পাচারের তৎপরতা শুরু করেছে।