মানব পাচারকারীদের সম্পদ খতিয়ে দেখবে দুদক
দুর্নীতি দমন কমিশন (দুদক) মানব পাচারকারীদের অর্জিত সম্পদের তথ্য সংগ্রহ করছে। এ ছাড়া পাচারকারীরা অর্থ পাচারের সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখবে সংস্থাটি। গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, মানব পাচার দুদকের তফসিলভুক্ত অপরাধ না হলেও অবৈধ সম্পদ ও অর্থ পাচার দুদকের তফসিলভুক্ত অপরাধ। মানব পাচারকারীদের বিরুদ্ধে দুই ধরনের অপরাধের অভিযোগই রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) মো. শামসুল আরেফিন কমিশনের পক্ষে বক্তব্য তুলে ধরেন। এ সময় সংস্থার পরিচালক নুর আহাম্মদ ও বেলাল হোসেন এবং উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসে দুদকের অনুসন্ধান, তদন্ত, মামলা, অভিযোগপত্রসহ বিভিন্ন তথ্য নিয়ে করা ব্রিফিংয়ে জানানো হয়, এ সময়ের মধ্যে দুদকে অভিযোগ এসেছে ২ হাজার ৭৯৮টি। এসব অভিযোগ থেকে ২৩২টি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দুদক ১২৬টি মামলার অনুমোদন দিয়েছে। আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ২১৬টি মামলার। এ ছাড়া গত চার মাসে আদালতে দুদকের ৮১টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৫৪টি মামলায় অভিযুক্তরা খালাস পেয়েছেন। ২৭টিতে আসামিদের সাজা হয়েছে।
বর্তমানে বড় দুর্নীতির অনুসন্ধান ও তদন্তে দুদকের ধীরগতির বিষয়ে এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, ‘দুদক চাইলে যেকোনো বিষয়ে ব্যবস্থা নিতে পারে না। তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রেই দুদক ব্যবস্থা নিতে পারে। প্রমাণের বাইরে দুদকের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’
হল-মার্ক ও ডেসটিনির দুর্নীতি মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে দুদকের মহাপরিচালক বলেন, ডেসটিনির বিরুদ্ধে ৪ হাজার ১১৯ কোটি টাকা দুর্নীতির দুই মামলায় ইতিমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমীনসহ অনেকেই কারাগারে আছেন।