মানব পাচারকারীর রিমান্ড মঞ্জুর
চট্টগ্রামে মানব পাচারকারী সন্দেহে গ্রেপ্তার এক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১১ মে রাতে হালিশহর থানার বড়পুল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মানব পাচারকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাঁদের কাছ থেকে ৩৩টি বাংলাদেশি পাসপোর্ট ও ভারতের দিল্লির মোজাম্বিক দূতাবাসের জাল সিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে হালিশহর থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করে সিআইডি পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সিআইডি পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল ১২ মে। শুনানি শেষে আদালত আসামি আলী আকবরের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুই আসামি বাহার উদ্দিন ও শাহ বায়েজীদ উল্লাহর রিমান্ড আবেদন নাকচ করে দেন আদালত।