মানব পাচারকারীর সঙ্গে পুলিশের গুলি বিনিময়, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামে গতকাল রোববার ভোর পাঁচটার দিকে মানব পাচারকারীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনায় তিন পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
এ ঘটনায় পুলিশ মানব পাচারকারী দলের হোতা আবুল ফয়েজকে (২৯) আহত অবস্থায় আটক করেছে। আবুল ফয়েজ কাটাবুনিয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। এর সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, আহত আবুল ফয়েজের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা ও মানব পাচারের পৃথক চারটি মামলা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল রোববার ভোর পাঁচটার দিকে মালয়েশিয়া পাচারের জন্য কাটাবুনিয়া ঘাটে একটি নৌকায় লোকজনকে ওঠানো হচ্ছিল। খবর পেয়ে টেকনাফ মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুন্নবী ও নয়ন বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় এএসআই নুরুন্নবী, কনস্টেবল আফজাল গুলিবিদ্ধ এবং এএসআই নয়ন বড়ুয়া আহত হন।