মানব পাচারচেষ্টায় চারজনের জেল-জরিমানা
তুরস্কে লোক পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে মানব পাচারের চেষ্টার দায়ে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
গতকাল রোববার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়।
দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে আশরাফুর রহমানকে (৩৫) এক বছর, মনির ফরাজীকে (৩৫) ছয় মাস, হারুন সিকদারকে (৩৮) তিন মাস ও আবদুল হালিমকে (৪১) তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, মো. মুরাদ হোসেন ও মো. নুরুজ্জামান নামের ঢাকার দুই সহোদরকে তুরস্ক পাঠানোর কথা বলে দালালেরা চট্টগ্রামে নিয়ে আসেন। তাঁদের গতকাল চট্টগ্রাম থেকে দুবাই পাঠানোর কথা ছিল। সেখান থেকে ইরান হয়ে তুরস্ক পাঠানো হবে বলা হয়েছিল।
প্রতারণার শিকার মুরাদ হোসেন প্রথম আলোকে বলেন, নয় মাস আগে ওই দালালেরা তাঁদের দুই ভাইকে তুরস্ক পাঠানোর প্রস্তাব দেন। এ জন্য তাঁদের নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া তাঁদের নয় লাখ টাকার চেকও দেওয়া হয়। গতকাল তাঁদের বিমানে তুলে দেওয়ার কথা ছিল। পরে তাঁদের কাছ থেকে দালালেরা ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তাঁদের সন্দেহ হয়। তাঁরা বিমানবন্দর আনসারের সাহায্য নেন। বিমানবন্দরের কর্মকর্তারা পাসপোর্ট ও ভিসা পরীক্ষা করেন। ভিসা, টিকিটসহ কাগজপত্র জাল বলে তাঁরা নিশ্চিত হন। এরপর চার দালালকে আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, প্রতারণার মাধ্যমে মানব পাচারের চেষ্টা করছিলেন ওই চার ব্যক্তি। তাঁদের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের আরও কয়েকজন জড়িত। চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।