মানব পাচারে জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানব পাচারের সঙ্গে রাজনৈতিক ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম এসেছে। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে এঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মানব পাচারের বিষয়ে সরকার কী করছে, জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের জলসীমার মধ্যে ভাসমান অভিবাসীদের ১১৬ জনকে বাংলাদেশ উদ্ধার করেছে। বাকিরা রয়েছেন মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার জলসীমায়। তাই তাঁদের উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপাতত করণীয় নেই। তবে তাঁদের উদ্ধার করতে হলে ওই সব দেশের সহায়তা প্রয়োজন। তাদের সহযোগিতা ছাড়া আমাদের কিছু করার নেই।’