মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা ১০৩ জন অভিবাসন-প্রত্যাশীকে জিজ্ঞাসাবাদ করে মানব পাচারের সঙ্গে জড়িত ৩৮ ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, গত সোমবার ষষ্ঠ দফায় মিয়ানমার থেকে ফিরিয়ে আনা ১০৩ জন বাংলাদেশিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এ পর্যন্ত ১৩ জেলার ৩৮ জন মানব পাচারকারী দালালকে শনাক্ত করা হয়েছে। তিনি জানান, অভিবাসন-প্রত্যাশীদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর দালালদের ধরতে মাঠে নামবে পুলিশ।
পুলিশ জানায়, এর আগে পাঁচ দফায় মিয়ানমার থেকে ফিরিয়ে আনা ৬২৬ জন বাংলাদেশি অভিবাসন-প্রত্যাশীকে জিজ্ঞাসাবাদ করে ৪২ জেলার দুই শতাধিক দালালকে শনাক্ত করা হয়েছিল। তাদের মধ্যে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দেশে ফিরিয়ে আনা ১০৩ জন অভিবাসন-প্রত্যাশীর মধ্যে বগুড়ার ৩১ জন; শরীয়তপুরের ১৩ জন; নরসিংদীর ১২ জন; ঝিনাইদহের নয়জন; ফেনী ও পাবনার একজন করে; হবিগঞ্জের ছয়জন; ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, চাঁদপুর, চুয়াডাঙ্গা ও গাইবান্ধার দুজন করে; চট্টগ্রামের চারজন; জয়পুরহাট, মাদারীপুর ও সুনামগঞ্জের তিনজন করে; নারায়ণগঞ্জের সাতজন। তাদের মধ্যে ছয়জন অপ্রাপ্তবয়স্ক।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী জানান, ১০৩ অভিবাসন-প্রত্যাশীকে আজ বুধবার আদালতে হাজির করা হবে।