মানব পাচারে জড়িত অভিযোগে নয়জন গ্রেপ্তার, উদ্ধার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই দিন অভিযান চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁদের কবল থেকে মালয়েশিয়া ও সাইপ্রাসে পাচারের জন্য জড়ো করা নয় ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার লোকজনের মধ্যে দুজন রিক্রুটিং এজেন্সির মালিক আছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানব পাচারকারী চক্রের সদস্য বাদশা শেখ (৩৮), মো. মামুন (২৪), রিপন হোসেন (২৯), মনিরুজ্জামান (৩৬), সজল কুমার বাইন (৩৫), আহসানুজ্জামান ওরফে সোহাগ (২৮), মো. রাজিব (৩২) এবং দুটি ট্রাভেল এজেন্সির মালিক নাসির উদ্দিন (৩৭) ও নাছির উদ্দীন (৫৩)।
এই গ্রেপ্তারের বিষয়ে জানাতে গতকাল বুধবার কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যা ব-৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এসব কথা বলেন। তিনি বলেন, র্যা ব-৩ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৩ মার্চ দিবাগত রাতে ঢাকার বিমানবন্দর এলাকার আশপাশে অভিযান চালিয়ে পাচারের জন্য জড়ো করা নয় ব্যক্তিকে উদ্ধার করে। তাঁদের স্বল্পকালীন পর্যটন ভিসার মাধ্যমে প্রথমে ইন্দোনেশিয়া ও পরে নৌপথে অবৈধভাবে মালয়েশিয়ায় কর্মী হিসেবে পাচারের কথা ছিল পাচারকারীদের। এ সময় তাঁরা র্যা বকে জানান, মানব পাচারকারীদের মূল হোতা আবদুল হালিম মালয়েশিয়া থেকে তাঁর দ্বিতীয় প্রধান বাদশা শেখ, রিপন ও মামুন হোসেন ওরফে ভাইগ্না মামুনের মাধ্যমে বেশি আয়ের প্রলোভন দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন।
সংবাদ সম্মেলনে র্যা ব-৩-এর পরিচালক বলেন, উদ্ধার করা ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বাড্ডার সাতারকুল থেকে মানব পাচারকারী চক্রের বাদশা শেখকে গ্রেপ্তার করা হয়। ওই দিন গুলশান ও পল্টন থেকে চক্রের সদস্য নাসির, মনিরুজ্জামান, সজল ও নাছির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে গতকাল বাড্ডা থেকে চক্রের সদস্য রিপন, মামুন হোসেন ওরফে ভাইগ্না মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লোকজনের কাছ থেকে বিপুল জাল ভিসা, পাসপোর্ট, বিদেশি মুদ্রা, বিদেশে পাঠানোর অবৈধ কাগজপত্র এবং বিভিন্ন ব্যাংকের জাল সিল উদ্ধার করে র্যা ব।
র্যা বের পরিচালক তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, গ্রেপ্তার করা মানব পাচারকারীরা জাল ভিসা তৈরি এবং বিদেশ গমনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের অবৈধ কপি তৈরি এবং দুই নাসিরের রিক্রুটিং এজেন্সি থেকে উড়োজাহাজের টিকিট সংগ্রহ করে মামুন ও রিপনের সহায়তায় অবৈধভাবে মালয়েশিয়া অবস্থানরত চক্রের হোতা হালিমের কাছে পাঠাতেন। তিনি বলেন, ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের জন্য আগমনী ভিসাপদ্ধতি চালু থাকায় মানব পাচারকারী চক্র লোকজনকে প্রথমে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নিয়ে যেত। সেখান থেকে বাসে করে মেদান নিয়ে যাওয়ার জন্য আরেকটি চক্রের কাছে হস্তান্তর করা হতো। সেখান থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়ার জন্য আরেকটি চক্র ব্যবহার করা হতো।