মানব পাচারে জড়িতদের বিচারে ট্রাইব্যুনাল করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেকে মানব পাচার বন্ধ করতে হলে অবশ্যই মূল হোতাদের বিচার করতে হবে। সেই বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই মুহূর্তে সব জেলা কিংবা সাত বিভাগে ট্রাইব্যুনাল করতে না পারলেও দ্রুত ঢাকা, যশোর ও কক্সবাজারে তিনটি ট্রাইব্যুনাল করা দরকার।
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক মানব পাচারবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর, বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইউএসএআইডি বাংলাদেশ, উইনরক ইন্টারন্যাশনাল, ব্র্যাকসহ ১৫টি সংগঠন যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভা শুরুর আগে মানব পাচার বন্ধের আহ্বান জানিয়ে একটি ব্যানারে গণস্বাক্ষর করেন আগত অতিথিরা। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসরাত শামীম। তিনি পাচার প্রতিরোধ, উদ্ধার হওয়া মানুষের সুরক্ষা, মামলার বিচার, এই খাতের প্রতিবন্ধকতা ও পর্যবেক্ষণের ওপর জোর দেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলাম বলেন, শুধু সীমান্ত পাহারা দিয়ে পাচার বন্ধ করা যাবে না। এর পেছনের কারণগুলো দূর করতে হবে। বিশেষ করে দারিদ্র্য। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওমর ফারুক বলেন, সবাই একসঙ্গে কাজ না করলে এই সমস্যার সমাধান সম্ভব না।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ‘মানব পাচারকারীদের শাস্তি দিতেই হবে। কিন্তু আমরা দেখছি পাচারকারীরা উল্টো হুমকি দিচ্ছে। সাত বিভাগে না হোক, এই মুহূর্তে ঢাকা, কক্সবাজার ও যশোরে তিনটি ট্রাইব্যুনাল হোক। তাহলে অনেক মামলার বিচার হবে।’
অনুষ্ঠানে আসা অন্য বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও পাচার বন্ধে এ-সংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান। এ ছাড়া পাচারকারীদের তালিকা করে ব্যবস্থা নেওয়া, সারা দেশে সচেতনতা তৈরি, জাতীয় কর্মপরিকল্পনা ২০১৫-১৭-এর দায়িত্বপ্রাপ্ত সব সংস্থার কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করা, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর বিধিমালা চূড়ান্ত করা, মানব পাচার মোকাবিলায় জাতীয় বাজেটে তহবিল বরাদ্দ রাখা, পাচার প্রতিরোধে দেশব্যাপী সমন্বিত প্রচেষ্টা ও সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ নানা প্রস্তাব উঠে আসে অনুষ্ঠানে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের কর্মসূচি সমন্বয়ক কামরুল আহসান, আইন ও সালিশ কেন্দ্রের তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও টেরে ডেস হোমস নেদারল্যান্ডসের এদেশীয় পরিচালক মাহমুদুল কবির।
সভা সঞ্চালনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক এ বি এম জিয়াউল কবির।