মানব পাচারে বদনাম হচ্ছে কক্সবাজারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারের কারণে পর্যটন শহর কক্সবাজারের বদনাম হচ্ছে। কক্সবাজারকে বাঁচাতে যেকোনো মূল্যে মানব পাচার ঠেকাতে হবে। কিন্তু তার আগে মানব পাচারকারী দালালদের ধরতে হবে।
গতকাল সোমবার দুপুরে কক্সবাজার শহরের কৃষি বিভাগের মাশরুম উন্নয়ন কেন্দ্রের সম্মেলনকক্ষে মানব পাচার প্রতিরোধ-বিষয়ক এক মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আলোচনায় এসব কথা উঠে আসে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার প্রকল্প ব্যবস্থাপক সিরাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় মানব পাচারের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) কর্মকর্তা আসিফ মুনীর, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক প্রিতম চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা নাছির উদ্দিন, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, উন্নয়নকর্মী দিদারুল আলম, কানন পাল, শামীম আকতার, রাফিয়া আকতার, আহমেদ শরিফ, আবুল কাশেম প্রমুখ।
আসিফ মুনীর বলেন, কক্সবাজার উপকূল দিয়ে আট-দশ বছর ধরে মানব পাচার হচ্ছে। সমুদ্রপথে বিদেশ যেতে দালালদের অগ্রিম টাকা দিতে হয় না বলেই লোকজন ঝুঁকি নিয়ে এ পথে নামছেন। কিন্তু থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ার জঙ্গলে গিয়ে তাঁদের মুক্তিপণ দিতে হচ্ছে। গত পাঁচ মাসে থাইল্যান্ড, মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে ১ হাজার ৯০১ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আরও ৬৯০ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মানব পাচার বন্ধ না হলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতেই থাকবে।
জেলা তথ্য কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, মানব পাচার বিষয়ে লোকজনকে সচেতন করতে গ্রামে নানা প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু তারপরও সমুদ্রপথে মানব পাচার বন্ধ হচ্ছে না।
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, সামাজিক আন্দোলন গড়ে তোলা না গেলে মানব পাচার বন্ধ করা যাবে না।
আবুল কাশেম বলেন, গণমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে মানব পাচার কমলেও দালালদের অপতৎপরতা বন্ধ হয়নি। বরং রাজনৈতিক দলের প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে থেকে দালালেরা বেপরোয়া হয়ে উঠছে।
দিদারুল আলম বলেন, মুক্তিপণের জন্যই কক্সবাজার উপকূল দিয়ে মানব পাচার হচ্ছে। কিন্তু দালাল চক্র থাকছে ধরাছোঁয়ার বাইরে। দালালদের বাইরে রেখে মানব পাচার বন্ধ করা কোনোমতে সম্ভব নয়।
ফাহমিদা বেগম বলেন, কক্সবাজারে সাড়ে ৩ হাজার মসজিদ আছে। মানব পাচার সম্পর্কে লোকজনকে সচেতন করতে মসজিদে ইমামদের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।