মানব পাচারের অভিযোগ থেকে ছাড় চায় বায়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারের অভিযোগ থেকে ছাড় চায় জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো (রিক্রুটিং এজেন্সি)। এর মালিকদের সংগঠন বায়রার অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানব পাচারের অভিযোগে তাদের সদস্যদের হয়রানি করছে। এ জন্য তারা চাইছে, তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করা যাবে না। কোনো সমস্যা হলে অভিবাসী আইনে মামলা হতে পারে।
তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মানব পাচারের অভিযোগ থাকলে সেই আইনেই মামলা হবে।
এ বিষয়ে বায়রা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি অনুরোধপত্র পাঠায়। পরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় তা বিবেচনার জন্য পাঠিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এই চিঠিতে গ্রেপ্তারি পরোয়ানা অথবা আদালতের নির্দেশ ছাড়া সরকারি অনুমোদনপ্রাপ্ত কোনো এজেন্সির কার্যালয়ে অভিযান না চালানো এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে যাঁরা বিদেশে যাচ্ছেন বা যাবেন, তাঁদের হয়রানি না করতেও অনুরোধ জানিয়েছে বায়রা। একই সঙ্গে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে।
এ প্রসঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার বলেন, ‘আমরা বায়রার চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তাতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে একটি আন্তমন্ত্রণালয় সভা ডাকতে পারে, যেখানে বায়রা তাদের বক্তব্য দিল, পুলিশ তাদের বক্তব্য দিল। এর ভিত্তিতে একটি সমাধান হতে পারে।’
তবে এই মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কোনো ছাড় দেওয়া উচিত হবে না। সেটা যেই হোক। এটা ঠিক যে বায়রার সদস্যরা সরকারি কিছু নিয়ম মেনেই বিদেশে কর্মী পাঠায়। এ ক্ষেত্রে কেউ প্রতারিত হলে অভিবাসী আইনেই মামলা হওয়া উচিত। কিন্তু কেউ যদি মানব পাচারের সঙ্গে জড়িত থাকে, তাহলে ছাড় দেওয়া হবে কেন?
এ বিষয়ে অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কারও বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ থাকলে সে অনুযায়ী মামলা হবে এবং প্রমাণিত হলে সে মোতাবেক ব্যবস্থা হবে। কেউ মানব পাচার করবে আর মানব পাচারের মামলা করা হবে না, তা তো হয় না। যদি অভিবাসন নিয়ে কোনো সমস্যা হয়, তাহলে অভিবাসী আইনে মামলা ও ব্যবস্থা হবে।
বায়রার সভাপতি আবুল বাশার এ প্রসঙ্গে বলেন, বিভিন্ন ধরনের হয়রানির কারণে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। এগুলো বন্ধ করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ নিয়ে আন্তমন্ত্রণালয় সভা করে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি। বরং হয়রানি অব্যাহত রয়েছে।