মানবপাচারকারীদের বিরুদ্ধে অনুসন্ধানে নামবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারের সাম্প্রতিক ঘটনাগুলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরে এসেছে। পাচারকারীদের অর্জিত সম্পদের বিষয়ে কমিশন বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ করছে। এ ছাড়া মানবপাচারকারীরা অর্থপাচারের সঙ্গে জড়িত কি না তাও খতিয়ে দেখবে সংস্থাটি। 

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) মো. শামসুল আরেফিন কমিশনের পক্ষে বক্তব্য তুলে ধরেন। এ সময় সংস্থার পরিচালক নুর আহাম্মদ ও বেলাল হোসেন এবং উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
মানবপাচার দুদকের তফসিলভুক্ত অপরাধ না হলেও অবৈধ সম্পদ ও অর্থপাচার দুদকের তফসিলভুক্ত অপরাধ। মানবপাচারকারীদের বিরুদ্ধে দু ধরনের অপরাধের অভিযোগই রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বিষয়ে অনুসন্ধানের জন্য কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে।
জানুয়ারি থেকে এপ্রিল-এ চার মাসে দুদকের অনুসন্ধান, তদন্ত, মামলা ও অভিযোগপত্রসহ বিভিন্ন তথ্য নিয়ে করা ব্রিফিংয়ে জানানো হয়, এ সময়ের মধ্যে দুদকে অভিযোগ এসেছে দুই হাজার ৭৯৮টি। এসব অভিযোগ থেকে ২৩২টি অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দুদক ১২৬টি মামলার অনুমোদন দিয়েছে। আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ২১৬টি মামলার। এ ছাড়া গত চার মাসে আদালতে দুদকের ৮১টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৫৪টি মামলায় অভিযুক্তরা খালাস পেয়েছেন। ২৭ টিতে আসামিদের সাজা হয়েছে।
‘দুদকের অনুসন্ধান, তদন্ত ও মামলা সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ভিত্তিক হওয়ার কথা থাকলেও দুই-তৃতীয়াংশ মামলাতেই আসামিদের খালাস কীভাবে পাচ্ছে’-এমন প্রশ্নের জবাবে কমিশনের মহাপরিচালকের ভাষ্য, পর্যাপ্ত সাক্ষ্য না পাওয়াই কারণ। তিনি বলেন, ‘দুদকের অনুসন্ধান ও তদন্তে কোনো দুর্বলতা রয়েছে এমন পর্যবেক্ষণ আদালত থেকে পাওয়া যায়নি।’
বর্তমানে বড় দুর্নীতির অনুসন্ধান ও তদন্তে দুদকের ধীর গতির বিষয়ে আরেক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, ‘দুদক চাইলে যেকোনো বিষয়ে ব্যবস্থা নিতে পারে না। তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রেই দুদক ব্যবস্থা নিতে পারে। প্রমাণের বাইরে দুদকের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।’
হলমার্ক ও ডেসটিনির দুর্নীতি মামলার সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ডেসটিনির বিরুদ্ধে চার হাজার ১১৯ কোটি টাকা দুর্নীতির দুই মামলায় ইতিমধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এমডি রফিকুল আমীনসহ অনেকেই কারাগারে আছেন।
হলমার্ক প্রসঙ্গে তিনি বলেন, এর ফান্ডেড অংশের এক হাজার ৯৪১ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ৩৮টি মামলা হয়েছে। অন্যদিকে নন ফান্ডেড অংশের এক হাজার ৭১০ কোটি টাকা আত্মসাতের অনুসন্ধান নথিভুক্তি হলেও এ বিষয়ে সোনালী ব্যাংকের ২৮ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন দুদকে এলে দুদক আবারও সিদ্ধান্ত নিতে পারে।