মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত কর্মশালায় বক্তারা
ছবি: সংগৃহীত

মানব পাচারের শিকার ব্যক্তিরা উদ্ধার হয়ে বা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যখন দেশে ফিরে আসেন, তখন তাঁদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজন নানা সেবা প্রক্রিয়ার সার্বিক নিশ্চয়তা। সমন্বিত সেবা কার্যক্রমের মাধ্যমে তা নিশ্চিত করা যায়।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা প্রদানে সমন্বিত রেফারেল কাঠামো গড়ে তোলার লক্ষ্যে রোডম্যাপ’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায়, বেসরকারি সংস্থা উইনরক ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং ইনসিডিন বাংলাদেশের কারিগরি সহায়তায় আয়োজিত হয় এই কর্মশালা। এতে অংশ নেন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা।

সভা সঞ্চালনা করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী। উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সুজান মুলার, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক-৩) উপসচিব ঈশিতা রনি প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব পাচার প্রতিরোধ ও মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সব সেবা কার্যক্রম নিশ্চিত করা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। তাই সমন্বিত সেবা কার্যক্রম নিশ্চিতকরণ ও পরিচালনায় প্রয়োজন একটি আন্তপ্রাতিষ্ঠানিক ও সমন্বিত সেবা প্রদান কাঠামো। প্রস্তাবিত জাতীয় রেফারেল ব্যবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একটি সমন্বিত সেবা কার্যক্রমের আওতায় এনে উদ্ধার হওয়া ব্যক্তির সুরক্ষা সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হতে পারে।

মো. আখতার হোসেন বলেন, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ (বিধি ২০১৭) ও এরই ধারাবাহিকতায় মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২–এর আওতায় দেশব্যাপী মানব পাচার দমন ও প্রতিরোধ বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে; যা পাচার প্রতিরোধে বাংলাদেশ সরকারের বলিষ্ঠ পদক্ষেপ। এর স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের মানব পাচারসংক্রান্ত বিশ্ব প্রতিবেদনে এখন বাংলাদেশের অবস্থান দ্বিতীয় স্তরে উঠে এসেছে।

সুজান মুলার তাঁর বক্তব্যে উদ্ধার হওয়া ব্যক্তির সুরক্ষায় জাতীয় রেফারেল কাঠামো প্রণয়নে বাংলাদেশ সরকারকে অব্যাহত সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পাচারের শিকার জনগোষ্ঠীর শ্রম অধিকার ও মানবাধিকার প্রায়ই ক্ষুণ্ন হয়। তাই এমন ব্যক্তির জন্য প্রয়োজন অংশীদারত্বমূলক ব্যাপক সহায়তা ব্যবস্থার।