মানবসেতুর ওপর দিয়ে হাঁটা : সেই চেয়ারম্যানের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবসেতুর ওপর দিয়ে হাঁটার ঘটনার প্রায় দুই মাস পর চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটোয়ারি আজ বুধবার বিকেলে আদালতে আত্মসমর্পণ করেন। পরে চাঁদপুরের শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ প্রায় দুই ঘণ্টা দুই পক্ষের আইনজীবীর যুক্তি ও বক্তব্য শোনার পর তাঁর জামিন মঞ্জুর করেন।

গত ৩০ জানুয়ারি নূর হোসেন পাটওয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে একটি পর্বে স্কুলশিক্ষার্থীদের তৈরি ‘মানবসেতুর’ ওপর দিয়ে হেঁটে যান। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরদিন এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারিসহ পাঁচজনকে আসামি করে হাইমচর থানায় মামলা করেন। এরপর থেকে নূর হোসেন পাটোয়ারি পলাতক ছিলেন।

চাঁদপুর আদালত পুলিশের ওসি হুমায়ুন কবির বলেন, আজ বুধবার বিকেলে নূর হোসেন পাটওয়ারি চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।