মানবকল্যাণে কর্মপরিধির সম্প্রসারণ ঘটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, ‘দারিদ্র্য দূরীকরণ এবং বিশ্ববাসীকে যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে জাতিসংঘের জন্ম হলেও কালের বিবর্তনে মানবকল্যাণে তাদের কর্মপরিধির অনেক সম্প্রসারণ ঘটেছে। বাংলাদেশের সেনাবাহিনী শান্তি মিশনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার সুযোগ সৃষ্টি এবং ইউনিসেফ সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করায় বাংলাদেশের মর্যাদা উন্নীত হয়েছে।’
জাতিসংঘ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মেয়র এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতিসংঘ পার্কে বেলুন উড়িয়ে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র জাতীয় পতাকা ও জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর কে এম মোর্শেদ জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।
উদ্বোধন শেষে জাতিসংঘ পার্ক থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরের শান্তিধাম মোড় প্রদক্ষিণ করে রয়্যাল চত্বরে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোফায়েল আহমেদ, জেলা প্রশাসক মো. আনিস মাহমুদ, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম, কেসিসির কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও জাতিসংঘের সংস্থাসমূহের কর্মকর্তা, নাগরিক ফোরামের নেতা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা।
পরে নগরের একটি হোটেলে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মেয়র ছাড়াও বক্তৃতা করেন তোফায়েল আহমেদ এবং কে এম মোর্শেদ। স্বাগত বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হান্নান বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তৃতায় কে এ এম মোর্শেদ বলেন, বিশ্বে উন্নয়নবৈষম্য দূরীকরণের লক্ষ্যে জাতিসংঘ স্বল্পোন্নত দেশগুলোকে এগিয়ে নিতে চেষ্টা করে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ অন্যান্য বিষয়ের পাশাপাশি জাতিসংঘ বাংলাদেশের মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
তোফায়েল আহমেদ বলেন, সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করার জন্য জাতিসংঘ নিরন্তর সহযোগিতা দিচ্ছে। সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণের বিকল্প নেই। জাতিসংঘের সহায়তায় স্থানীয় সরকার শক্তিশালীকরণের সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে।