রাজধানীতে ক্র্যাসবের অনুষ্ঠানে মিজানুর রহমান
মানবতাবিরোধী অপরাধীদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত দেশে শান্তি আসবে না
একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত দেশে শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। গতকাল বুধবার অপরাধ-বিষয়ক সাংবাদিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের জন্য শরণার্থীদের সুরক্ষা বিষয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেলে ওই প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ইউএনএইচসিআরের এ দেশীয় প্রতিনিধি স্টিনা লুংডেল, ক্র্যাবের সভাপতি ইসারফ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক এম এম বাদশাহও বক্তব্য দেন।
রোহিঙ্গাদের বিষয়ে অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘তিন দশকের বেশি সময় ধরে এত মানুষের দায়িত্ব বহন করে চলেছে এই দরিদ্র রাষ্ট্র। আমরা কোনো দিন এর প্রশংসা পাইনি।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক নেতা বা জনগণের ভোটে নির্বাচিত কেউ শরণার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন কি না, সেটা আমরা দেখতে চাই। আমরা জানতে চাই, রোহিঙ্গাদের দিয়ে কারা ইয়াবার ব্যবসা করাচ্ছেন। আমরা দু-এজন রোহিঙ্গাকে ধরে বলছি, ইয়াবা ব্যবসায়ীকে ধরেছি। তারা বাহকমাত্র। এর পেছনে কারা রয়েছে, তাদের এ কাজে কে নিয়োজিত করছে, কে ক্ষমতা জোগাচ্ছে, সেটা আমরা জানতে চাই। এটা আপনাদের (সাংবাদিকদের) দায়িত্ব।’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘যখন রামুতে বৌদ্ধমন্দির জ্বলে তখন শুধু রোহিঙ্গাদের দায়ী করা হয়। এই রোহিঙ্গাদের নেতৃত্ব কে দেয়? রোহিঙ্গারা কোত্থেকে ট্রাক পায়, অস্ত্র পায়? কোথায় লুকিয়ে থাকে তাদের এ শক্তি? এগুলো খুঁজে বের করতে হবে। এতে করে রোহিঙ্গারা ক্ষমতার শিকার হওয়া থেকে রক্ষা পাবে।’
সাম্প্রতিক হত্যা ও হামলা প্রসঙ্গে অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘এরা কি শুধুই জঙ্গি, না এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে। আমরা সব সময়ই বলেছি, এগুলো সব যুদ্ধাপরাধের বিচার বন্ধ করার সঙ্গে সম্পৃক্ত। যারা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ করেছে, তাদের পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত বাংলাদেশে শান্তি নিশ্চিত করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘তাই আদালতের কাছে বিনীতভাবে একটা বার্তা পৌঁছে দিতে চাই, এই বিচারকাজে যেন কোনো বিলম্ব না হয়, সেটি আপনারা অনুগ্রহ করে দেখবেন। যেন দ্রুতগতিতে আইনমাফিক বিচারকাজ হয়। এটা যত দীর্ঘায়িত হবে ততই এই দুষ্টচক্র আঘাত হানার চেষ্টা করবে। যেমনটি আজ (গতকাল সকালে) দিনাজপুরে ঘটেছে। ইতালিয়ান আরেকজন নাগরিককে আক্রমণ করে আহত করা হলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এসব হামলা বন্ধের দায়িত্ব চাপিয়ে বসে থাকলে হবে না। পৃথিবীর কোনো রাষ্ট্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এ ধরনের সমস্যা সমাধান করতে পারেনি। এটা যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স বা অন্য যেকোনো রাষ্ট্রের কথাই বলুন না কেন। এর জন্য সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাঁদের নাগরিক দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে।’
গতকাল ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ ইন্টারনেটভিত্তিক কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে মিজানুর রহমান বলেন, ‘আমাদের মত প্রকাশের স্বাধীনতা অন্যতম মৌলিক অধিকার। আমাদের এই অধিকারটির যখন অপব্যবহার হয়, তখন কিছু বিধিনিষেধ আরোপ করা যেতে পারে জনগণের বৃহত্তর স্বার্থে। তবে সেটি হতে হবে সাময়িক। এই ব্যবস্থা দীর্ঘকালীন হতে পারে না।’