মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার শামসুদ্দোহার মৃত্যু
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া কক্সবাজারের মহেশখালীর মো. শামসুদ্দোহা (৯০) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে শামসুদ্দোহা মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শামসুদ্দোহাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের জন্য শামসুদ্দোহার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২১ মে মহেশখালী উপজেলার ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর পরিপ্রেক্ষিতে ২৪ মে ভোররাতে শামসুদ্দোহাকে গ্রেপ্তার করে পুলিশ। ২৫ মে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল অসুস্থ শামসুদ্দোহার সুচিকিৎসা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ওই দিন ট্রাইব্যুনালের হাজতখানায় অসুস্থ শামসুদ্দোহাকে বাইরে থেকে চিকিৎসক ডেকে চিকিৎসা করায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তর। পরে তাঁকে কারাগারে পাঠানো হলেও কারা কর্তৃপক্ষ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। দুদিন পর গতকাল তিনি মারা গেলেন।