মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বন কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম নামের এক বন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার গভীর রাতে তাঁকে সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউসুফ বন বিভাগের শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন কর্মকর্তা। তাঁর বাড়ি জামালপুরের চাঁনপুর হরিণাকান্দা গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীতে যোগ দিয়ে তিনি ময়মনসিংহের মুক্তাগাছার সুবর্ণখিলা এলাকায় গণহত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতন চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিঞা বলেন, মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুলিশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছালে পুলিশ তাঁর খোঁজ করে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ এসেছে শুনে তিনি সাগর তীরে দুবলার ফরেস্ট ক্যাম্পে গিয়ে আত্মগোপন করেন। পরে র‍্যাবের সহযোগিতায় তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ তাঁকে নিয়ে দুবলা থেকে শরণখোলা থানার উদ্দেশে রওনা হয়েছে।

র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই মামলার তদন্তকারী কর্মকতা ও সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, মুক্তিযুদ্ধের সময়ে ইউসুফ ছাত্র ছিলেন। ওই সময় তিনি আল বদর বাহিনীতে যোগ দিয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার সুবর্ণখিলা এলাকায় গণহত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতন চালান। প্রাথমিক তদন্তে এসব ঘটনায় তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়। গত ১ এপ্রিল তিনিসহ জামালপুর ও ময়মনসিংহ জেলার আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। তিনি ওই মামলার তিন নম্বর আসামি। এই আটজনকে গ্রেপ্তার করতে গত ২২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানানো হলে ট্রাইব্যুনাল শুনানি শেষে গতকাল তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, এ কে এম ইউসুফ আলম ১৯৭৯ সালের ৯ আগস্ট বন বিভাগে ফরেস্টার পদে যোগ দেন। ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে ডেপুটি রেঞ্জার হন। কিছু দিন আগে তিনি পদোন্নতি পেয়ে শরণখোলা স্টেশন কর্মকর্তা হিসেবে সেখানে যান।