মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বন কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম (৫৮) নামে এক বন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮। গত বুধবার গভীর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন কর্মকর্তা।
ইউসুফ আলী জামালপুরের চানপুর হরিণাকান্দা গ্রামের প্রয়াত আবদুল খালেক ওরফে খালেক মাস্টারের ছেলে। ১৯৭১ সালে তিনি আলবদর বাহিনীতে যোগ দিয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার সুবর্ণখিলা এলাকায় গণহত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে।
বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিঞা প্রথম আলোকে বলেন, বুধবার ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইউসুফ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর জানতে পেরে নিজ কর্ম এলাকা শরণখোলা স্টেশন কার্যালয় ছেড়ে সাগরতীরে দুবলার ফরেস্ট ক্যাম্পে গিয়ে আত্মগোপন করেন। পরে র্যাবের সহযোগিতায় পুলিশ তাঁকে দুবলা এলাকা থেকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে শরণখোলা থানায় আনা হয়।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির প্রথম আলোকে বলেন, শরণখোলা থানার পুলিশ ইউসুফকে গ্রেপ্তারে সহযোগিতা চাইলে র্যাবের দুবলা ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ইউসুফ আলী ১৯৭৯ সালের ৯ আগস্ট বন বিভাগে ফরেস্টার পদে যোগ দেন। ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে ডেপুটি রেঞ্জার পদে যোগ দেন। কিছুদিন আগে তিনি পদোন্নতি পেয়ে শরণখোলা স্টেশন কর্মকর্তা হন। তবে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে কিছু জানা নেই।