মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার রমজানের মৃত্যু
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া নেত্রকোনার রমজান আলী (৭৪) গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, রমজান আলী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটায় তাঁর মৃত্যু হয়। তিনি কিডনি, যকৃতের জটিল রোগ ও পেটের ব্যথায় ভুগছিলেন।
হাসপাতালে কর্তব্যরত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. জাকারিয়া সাংবাদিকদের বলেন, রমজান ৬০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাঁর লাশ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
চলতি বছরের ১২ এপ্রিল নরসিংদী থেকে রমজান আলীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। নিজের নাম-পরিচয় গোপন রেখে তিনি ১০ বছর ধরে নরসিংদী শহরে বাস করছিলেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১২ এপ্রিল রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ৮ সেপ্টেম্বর তাঁকে কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।