আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সারা দেশে ৫৭৭টি মামলা করা হয়েছে৷ এসব মামলার বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে ১০টি মামলার বিচার চলমান আছে৷ এর মধ্যে চারটি মামলার রায় অপেক্ষাধীন রয়েছে৷
জাতীয় সংসদে গতকাল সোমবার ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান৷ বেলা ১১টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়৷
আনিসুল হক জানান, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এ পর্যন্ত ঢাকা বিভাগে ১১২টি, চট্টগ্রামে ৮৪, রাজশাহীতে ৬৬, খুলনায় ১৮৪, সিলেটে ৫০, বরিশালে ৫১ ও রংপুরে ৩০টি মামলা হয়েছে৷ তিনি জানান, এ পর্যন্ত রায় প্রদানের মাধ্যমে নয়টির এবং একজন আসামির (এ কে এম ইউসুফ) মৃত্যুর কারণে একটি মামলার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সমাপ্তি ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল৷ বর্তমানে দুটি ট্রাইব্যুনালে ১০টি মামলার বিচার চলমান আছে৷
পারিবারিক আদালতে অর্ধলক্ষাধিক মামলা: গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশের পারিবারিক আদালতে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা মোট ৫৭ হাজার ১৮৫টি৷ মামলার দ্রুত নিষ্পত্তির ব্যাপারে শিগগিরই বিচার বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে সরকার পদক্ষেপ নেবে৷