মানবতাবিরোধীদের পক্ষে নয় ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুদণ্ডের বিপক্ষে বিবৃতি দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পক্ষাবলম্বন করছে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বরং তারা মনে করে, এ বিবৃতি বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড বিলোপের ব্যাপারে ২৮ জাতি-জোটের নৈতিক অবস্থানের প্রতিফলন।
ঢাকায় নিযুক্ত নতুন ইইউ রাষ্ট্রদূত পিয়েখ মায়াদুঁ গতকাল বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বিবৃতি দিয়ে আসছে ইইউ। অথচ বাংলাদেশের অন্য আদালতে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলে ইইউকে কোনো বিবৃতি দিতে দেখা যায় না। এমন প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, ‘ইইউ মানবতাবিরোধীদের পক্ষে, দয়া করে এ ধারণা ছড়িয়ে দেবেন না। আপনারাও জানেন বিবৃতির সঙ্গে ট্রাইব্যুনালের কোনো সম্পর্ক নেই।’ তিনি জানান, পৃথিবীর যেকোনো প্রান্তেই মৃত্যুদণ্ড দেওয়া হলেই তার বিরোধিতা করে ইইউ। ওয়াশিংটনে ইইউ রাষ্ট্রদূত সেখানকার বিভিন্ন রাজ্যে দেওয়া মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিবৃতি দেন।
পিয়েখ মায়াদুঁ বলেন, ‘মৃত্যুদণ্ড বিলোপ ইইউর মানবাধিকার এজেন্ডার শীর্ষে রয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো সম্পর্ক নেই। কাজেই আমরা পক্ষ নিয়ে থাকি, এটি ঠিক নয়।’
প্রসঙ্গত, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা বাস্তবায়নকারী গুপ্তঘাতক আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ২৯ অক্টোবর মৃত্যুদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ডের রায় পরিবর্তনের আহ্বান জানিয়ে বিবৃতি দেয় ঢাকায় ইইউ দূতাবাস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ইইউর এ অবস্থানের সমালোচনা করেন। তিনি প্রশ্ন রাখেন, মানবতাবিরোধীদের শাস্তি দিলেই ইইউ উদ্বেগ প্রকাশ করে। যখন ফিলিস্তিনের নারী ও শিশুদের ইসরায়েলি সৈন্যরা হত্যা করে, তখন ইইউর মানবাধিকার কোথায় ছিল?
সংলাপ নিয়ে অবস্থান অপরিবর্তিত: ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পর ইইউ নির্বাচনের সমালোচনা করেছিল। এখন বর্তমান সরকারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ইইউর দৃষ্টিভঙ্গি কী জানতে চাইলে পিয়েখ মায়াদুঁ বলেন, ‘প্রশ্নটা বেশ জটিল হলেও আমার কাছে একটি সহজ উত্তর রয়েছে।’ এ প্রসঙ্গে তিনি গত ৯ জানুয়ারি ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক জ্যেষ্ঠ প্রতিনিধি ক্যাথরিন অ্যাশটনের বিবৃতির উল্লেখ করেন। ক্যাথরিন অ্যাশটন বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানায় ইইউ। পাশাপাশি গণতান্ত্রিক জবাবদিহি এগিয়ে নেওয়া এবং বাংলাদেশের জনগণের স্বার্থে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে পরস্পরের কাছে গ্রহণযোগ্য উপায় খুঁজে নিতে দলগুলোকে অর্থবহ সংলাপের আহ্বান জানায়।
পিয়েখ মায়াদুঁ জানান, ওই বিবৃতির চেয়ে অতিরিক্ত কিছু বলার ইচ্ছে তাঁর নেই। তবে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে ইইউ নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করে যাবে।