মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার পাঁচ সদস্য জয়পুরহাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার পাঁচ সদস্যের একটি দল গতকাল বুধবার জয়পুরহাটের বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করেছে। এ সময় তদন্ত কর্মকর্তারা মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।তদন্ত সংস্থার সূত্র জানায়, তদন্ত কর্মকর্তারা গতকাল সকালে জয়পুরহাট সদর উপজেলার কড়ই কাদিরপুর, পাগলা দেওয়ান ও খাসপাহনন্দার বধ্যভূমি পরিদর্শন করেন। এরপর তাঁরা মুক্তিযুদ্ধ চলাকালে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, এমন ব্যক্তিদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সাক্ষ্য নেন।সূত্র জানায়, জয়পুরহাটের বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দলটি তদন্ত করবে। এ নিয়ে তৃতীয়বারের মতো তদন্তকারী দল জয়পুরহাটে এসেছে। গত ২৭ মার্চ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আবদুল আলীমকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে জামিন দেন।তদন্ত কর্মকর্তা হেলালউদ্দীন গতকাল প্রথম আলোকে বলেন, তদন্তে আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিভিন্ন তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে।