মানবতাবিরোধী অপরাধ বিচারে দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধ বিচারের ক্ষেত্রে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সাহায্য ছাড়াই, ভিনদেশি আইনজীবী ও বিচারকদের বাদ দিয়ে অল্প সময়ে কম খরচে সব আইনি প্রক্রিয়া ঠিক রেখে আন্তর্জাতিক অপরাধের বিচার হচ্ছে বাংলাদেশে। আন্তর্জাতিক আইনের শিক্ষক ও যুদ্ধাপরাধ বিশেষজ্ঞরাও এই দৃষ্টান্ত অনুসরণ করার কথা ভাবছেন।
বাংলাদেশ ইতিহাস পরিষদ আয়োজিত সেমিনারে ‘যুদ্ধ যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন’ শীর্ষক প্রবন্ধে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ৪৫তম বার্ষিক এই সেমিনারের আয়োজন করে ইতিহাস পরিষদ। সেমিনারে আরও নয়টি প্রবন্ধ উপস্থাপিত হয়। সেমিনারের এবারের প্রতিপাদ্য: ‘প্রথম বিশ্বযুদ্ধের শতবার্ষিকী’।
সেমিনারে দ্বিতীয় অধিবেশনে শেখ হাফিজুর রহমান তাঁর প্রবন্ধে বলেন, ইতিহাসে অনেক গণহত্যা সংঘটিত হয়েছে। এর মধ্যে ভয়াবহ ১৫টিতে ১৫ কোটি ৮৩ লাখ ৫০ হাজার মানুষকে হত্যা করা হয়। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগপর্যন্ত ‘গণহত্যা’ শব্দটি সেভাবে ব্যবহৃত হয়নি। ১৯৯৩ সালে যুগোস্লাভিয়া ও ১৯৯৪ সালে রুয়ান্ডার যুদ্ধাপরাধের বিচারে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক আদালত গঠিত হয়। ২০০২ সালের ১ জুলাই স্থায়ী বিশ্ব অপরাধ আদালতের কার্যক্রম শুরু হয়।
শেখ হাফিজুর রহমান বলেন, ১৯৭৩ সালেই বাংলাদেশ এই অপরাধের বিচার শুরু করেছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই বিচারকাজ বন্ধ করে দেন। ২০১০ সালে আবার এই বিচার শুরু হয়। অনেকেই বলেছিলেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই বিচার। কিন্তু জামায়াতের পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টি এমনকি আওয়ামী লীগেরও সাবেক কোনো কোনো নেতার বিচার শুরুর পর এই অপপ্রচার দুর্বল হয়ে গেছে।
এর আগে সকাল ১০টায় সেমিনারের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ইতিহাসবিদদের প্রতি সঠিক ইতিহাস রচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোনো যুদ্ধের শতবার্ষিকী পালন করতে চাই না। বর্তমান প্রেক্ষাপটে নতুন প্রজন্মকে মানবতাবোধে জাগ্রত হতে হবে।’
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ। তিনি বলেন, ‘যুদ্ধ মানেই মানব সভ্যতার সংহারকারী। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এ কথাটি অনেক বেশি সত্য। এই যুদ্ধে যেমন কল্পনাতীত প্রাণহানি ঘটেছিল, তেমনি বিশ্বের বহু নগর ও জনপদের বিলুপ্তি ঘটে। একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিস্তার ঘটে।’ স্বাগত বক্তব্যে ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘যুদ্ধ মানবতার চরম শত্রু। আমরা আর কোনো বিশ্বযুদ্ধ চাই না।’