মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত শেষ করা ও বাহাত্তরের সংবিধান পুনঃপ্রবর্তনের দাবি জানানোর মধ্য দিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নীলফামারী জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শ্রীদাম দাসের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসীর মামুন ও সাধারণ সম্পাদক কাজী মুকুল। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘আজ দেশ স্বাধীন হওয়ার ৪০ বছর পরও বলতে হয়, মুক্তিযুদ্ধ আজও শেষ হয়নি। যারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা দেশে ও আন্তর্জাতিকভাবে সংঘবদ্ধ হয়ে মানবতাবিরোধী অপরাধীদের বিচার কার্যক্রম নস্যাৎ করার পাঁয়তারা করছে। এদের প্রতিহত করতে আজকের নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে পুনরায় আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।’শাহরিয়ার কবির বলেন, ‘শহীদজননী জাহানারা ইমাম মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবির যে বীজ রোপণ করে গেছেন, তার ফল এখন আমরা পেতে যাচ্ছি। মানবতাবিরোধী অপরাধীদের ভয় পেলে চলবে না। শহীদজননী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে গিয়েছিলেন। তাঁর ডাকে আমরা আজ রাজপথে।’ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর যদি কোনো আন্দোলন প্রতিষ্ঠিত হয়ে থাকে, তা হলো জাহানারা ইমামের হাতে গড়া একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন। দীর্ঘদিনের দাবির মুখে আজ মানবতাবিরোধী অপরাধীদের বিচার শুরু হয়েছে। সম্মেলন শেষে ৫১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। এতে মমতাজ উদ্দিন আহমেদকে সভাপতি ও সহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। সাংসদ আসাদুজ্জামান নূরকে ২৫ সদস্যের উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে।