মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে যাঁরা সংগ্রাম করেছিলেন এবং সোচ্চার ছিলেন, অধ্যাপক আহমদ শরীফ ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন গণমানুষের মনের মানুষ। জ্ঞান বিস্তারের লক্ষ্যে মৃত্যুর পরও নিজ দেহ মেডিকেল কলেজে দান করে গিয়েছেন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অধ্যাপক আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। ‘বাঙলাদেশ ভাষা সমিতি’ এর আয়োজন করে। অনুষ্ঠানে সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, আহমদ শরীফের সঙ্গে তাঁর ব্যক্তিগত পরিচয় ছিল। তিনি ছিলেন বন্ধুসুলভ। দেশের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান অনস্বীকার্য। দেশের মানুষ তাঁকে অত্যন্ত শ্রদ্ধাভরে দেখেন। তাঁর সুনাম অটুট থাকুক।ভাষা সমিতির সভাপতি মনসুর মুসা বলেন, বাংলাদেশের গণ-অভ্যুত্থানের পেছনে ছিল আহমদ শরীফের প্রতিবাদী চেতনা। ঘাতক দালাল নির্মূল কমিটির সক্রিয় সদস্য হওয়ায় তাঁকে নির্যাতন সহ্য করতে হয়েছিল। অনুষ্ঠানে ‘প্রাচীন ভারতীয় ভাষাদর্শনে ভাগর্থ প্রসঙ্গ ও রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন ভারতীয় অধ্যাপক করুণাসিন্ধু দাস।