মানবতাবিরোধী অপরাধীদের রায় দ্রুত কার্যকরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম, দিনাজপুরের বীরগঞ্জ ও বোচাগঞ্জ এবং নীলফামারীর ডোমার উপজেলায় গতকাল শনিবার (৬ ডিসেম্বর) পাকিস্তানি হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, শহীদ সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবতাবিরোধী অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও রায় অবিলম্বে কার্যকর করার দাবি ওঠে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
দিনাজপুর: বীরগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে বেলা ১১টায় একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বীরগঞ্জ উপজেলায় প্রথম শহীদ মহসিন আলীর সমাধি ও শহীদ বুধারীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।
পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কালীপদ রায়। বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, বিশেষ অতিথি বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু সামা মিয়া, মুক্তিযোদ্ধা আবদুর রহিম, যুবলীগের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন প্রমুখ।
অপরদিকে বোচাগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সেতাবগঞ্জ বড় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজন করে। বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর উল্লাহ্র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি বিরল-বোচাগঞ্জ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুর রশিদ প্রমুখ।
কুড়িগ্রাম: সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে স্বাধীনতার বিজয়স্তম্ভে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সেখানে এক সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মণ্ডল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া সন্ধ্যা ছয়টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ১১ দিনব্যাপী বিজয় উৎসব শুরু করেছে।
নীলফামারী: বেলা ১১টার দিকে একটি শোভাযাত্রা ডোমার শহরের বাটারমোড় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল এর আয়োজন করে।
পরে একই স্থানে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আল-আমীন রহমানের সভাপতিত্বে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।