মানবতাবিরোধী অপরাধীরা নির্বাচনে অযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিরা নির্বাচনে অযোগ্য হবেন। এ ছাড়া জাতীয় নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী খরচ ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রার্থীদের জামানতের পরিমাণও ১০ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

এসব বিধান অন্তর্ভুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০১৩ (আরপিও)-এর সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া অধ্যাদেশকে আইনে পরিণত করতে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। সভায় এশিয়ান রিইনস্যুরেন্স করপোরেশন আইন, ২০১৩-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।

গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সভার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এ সময় জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছিল, জাতীয় ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে সাজাপ্রাপ্ত হলে তাঁরা নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। সংশোধিত আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্তদেরও এর আওতায় আনা হয়েছে।

মামলায় দণ্ডিত হয়ে যাঁরা আপিল করেছেন, তাঁদের ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে খসড়ায় কিছু বলা হয়নি। এর আগে বাহাত্তরের দালাল আইন ও আন্তর্জাতিক অপরাধ আইনে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ভোটার হওয়া বন্ধ করতে ২ সেপ্টেম্বর ভোটার তালিকা আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। গতকাল এটি বিল আকারে সংসদে উপস্থাপন করা হয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ চলছে। এ পর্যন্ত ছয়জনকে দণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও দলটির সাবেক রোকন আবুল কালাম আজাদ। এর মধ্যে উচ্চ আদালতে কাদের মোল্লার করা আপিলের রায় আজ মঙ্গলবার ঘোষণার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আরপিও সংশোধন করে প্রার্থীদের নির্বাচনী খরচ আগের চেয়ে ১০ লাখ টাকা বাড়ানো হয়েছে। আগে এই খরচ ছিল ১৫ লাখ টাকা। তবে দলীয় প্রধানদের নির্বাচনী ভ্রমণ এই ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না।

এ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলে ব্যক্তির অনুদানসীমা ১০ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ করা হয়েছে। আর প্রতিষ্ঠানের (সংস্থা) এই সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫০ লাখ করা হয়েছে। এ ছাড়া প্রার্থীদের জামানতের পরিমাণ ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে নির্বাচনী ব্যয় বাড়ানো হয়েছে।

আরপিও অনুসারে, নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্য থেকে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলির বিষয়ে নির্বাচন কমিশন থেকে যদি কোনো অনুশাসন দেওয়া হয়, তাহলে তা দ্রুত কার্যকর করতে হবে। নির্বাচনী মামলা করতে আগে দুই হাজার টাকা জরিমানা দিতে হতো। এখন তা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। আরপিও অনুসারে, কেউ ঋণখেলাপি হলে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

সচিব বলেন, আরপিওকে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে। এতে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সর্বাধিক চারজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর আগে রাষ্ট্রপতি সিইসিসহ প্রয়োজন অনুসারে অনির্দিষ্টসংখ্যক নির্বাচন কমিশনার নিয়োগ দিতে পারতেন। আরপিওতে স্পষ্ট বলা হয়েছে, নির্বাচন কমিশনের প্রধান ‘প্রধান নির্বাচন কমিশনার’ এবং সদস্যরা ‘নির্বাচন কমিশনার’ হিসেবে অভিহিত হবেন।

তবে ওই আদেশে লাভজনক পদ ও প্রার্থিতা বাতিলের ব্যাপারে কোনো সংশোধনী দেওয়া হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

 মন্ত্রিসভায় মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০১২-১৩ অর্থবছরের কার্যাবলি-সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন অনুযায়ী ২০১২-১৩ অর্থবছরে দেশে মাথাপিছু জাতীয় আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, আমদানি-রপ্তানি এবং রাজস্ব আয় উল্ল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৈদেশিক মুদ্রার মজুত এক হাজার ৫০০ কোটি ৩১ লাখ ৫২ হাজার ডলারে উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ৪৭ দশমিক ৭৭ শতাংশ বেশি। আর এ সময়ে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ২৭ কোটি ৪৫ লাখ ডলার বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১২-১৩ অর্থবছরে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ছয় হাজার ৮০০ মেগাওয়াট। এর বিপরীতে সর্বোচ্চ উৎপাদন ছিল ছয় হাজার ৪৩৪ মেগাওয়াট, যা আগের অর্থবছরে উৎপাদনের (ছয় হাজার ৬০০ মেগাওয়াট) তুলনায় ২০০ মেগাওয়াট (৩ দশমিক শূন্য শতাংশ) বেশি।

সভায় বলা হয়, বর্তমান সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হলেও তার প্রচার সেভাবে হয়নি। তাই সাফল্য প্রচারে তাগিদ দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্জিত সাফল্য প্রচারে উদ্যোগ নিতে বলা হয়েছে এবং বিভিন্ন সেক্টরে কী কী সেবা পাওয়া যাচ্ছে, তা জানাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।