মানবতাবিরোধী অপরাধে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক গ্রেপ্তার

একাত্তরে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হককে (৬৯) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পরোয়ানা জারির পর দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর বারিধারার বাসা থেকে ওয়াহিদুল হককে গ্রেপ্তার করা হয়। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তুরিন আফরোজ প্রথম আলোকে বলেন, ওয়াহিদুল হক প্রভাবশালী ব্যক্তি। তিনি সাক্ষীদের হুমকি দিয়ে আসছেন। একাত্তরে রংপুর ক্যান্টনমেন্টে গণহত্যায় পাকিস্তান সেনা সদস্য হিসেবে সেই ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া আরও অন্য ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সংস্থায় তাঁর বিরুদ্ধে ২০১৬ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আসে। তারপর এ মামলায় তদন্ত শুরু হয়।
তুরিন আফরোজ বলেন, একাত্তরের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্টে ৫০০-৬০০ নিরস্ত্র বাঙালি ও সাঁওতালদের মেশিনগান দিয়ে হত্যার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
মামলা সূত্রে জানা গেছে, আসামি ওয়াহিদুল হকের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। ১৯৬৬ সালের ১৬ অক্টোবর তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। পরবর্তীতে বদলি সূত্রে ২৯ ক্যাভালরি রেজিমেন্টে যোগদান করেন তিনি। এরপর সেখান থেকে পাকিস্তানের মুলতান ক্যান্টনমেন্টে চলে আসেন। পরে ১৯৭০ সালের মার্চ মাসে ২৯ ক্যাভালরি রেজিমেন্ট রংপুর সেনানিবাসে স্থানান্তরিত হন। ১৯৭১ সালের ৩০ মার্চ পর্যন্ত এই রেজিমেন্টের অ্যাডজুট্যান্ট হিসেবে রংপুর সেনা নিবাসে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের এপ্রিলে বদলি হয়ে আবার তিনি পাকিস্তান (পশ্চিম পাকিস্তান) চলে যান। সেখানে তিনি ১৯৭৩ সালের ডিসেম্বর পর্যন্ত অবস্থান করেন। ১৯৭৪ সালের ডিসেম্বরে তিনি দেশে ফিরে আসেন। সে সময় তাকে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয়।
এরপর ১৯৭৬ সালের ১ অক্টোবর ওয়াহিদুল হক বাংলাদেশ পুলিশের এএসপি হিসেবে নিযুক্ত হন। ১৯৭৭ সালে কুমিল্লার এএসপি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে ১৯৭৮ সালে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, ১৯৮২ সালে নোয়াখালী জেলার পুলিশ সুপার। পরে ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ঢাকা মেট্রোপলিটনে অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ১৯৮৮ সালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রামের পুলিশ কমিশনার হিসেবে ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এনএসআই এর পরিচালক ছিলেন। পরে একই সংস্থার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব পান। এরপর ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি পাসপোর্ট অফিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০২ সাল তিনি পুনঃ নিয়োগ পান। পরে ২০০৫ সালে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেন।