মানবতাবিরোধী অপরাধে জামায়াতের বিচার অপরিহার্য
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে জামায়াতের বিচার হওয়া অপরিহার্য। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে রেজিস্ট্রেশন ম্যানুয়েলের হালনাগাদ করা খসড়া সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সংগঠন হিসেবে জামায়াতের বিচার সম্পর্কে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক দূত স্টিফেন জে র্যাপ সম্প্রতি বাংলাদেশ সফরে এসে যে বক্তব্য দিয়েছেন, সেটা তাঁর নিজস্ব মত বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা অনুসারে দল হিসেবে জামায়াতের বিচার হতে হবে।’
ট্রাইব্যুনালের আইন সংশোধনের বিষয়ে আনিসুল হক বলেন, আইনের সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। শিগগিরই এটা মন্ত্রিপরিষদ বৈঠকে তোলা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-কে একীভূত করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমরা বাস্তবমুখী সিদ্ধান্ত নেব। মামলা বাড়লে ট্রাইব্যুনাল বাড়বে, মামলা কমলে ট্রাইব্যুনাল কমবে। ৪২ বছর পর বিচার শুরু হয়েছে, তা যেন শেষ হয়, এ ব্যাপারে চেষ্টা অব্যাহত থাকবে।’
মতবিনিময় সভায় আনিসুল হক বলেন, সময়ের উন্নতির সঙ্গে সঙ্গে আইনের পরিবর্তন হয়। জমিসংক্রান্ত সমস্যার সমাধান করতে রেজিস্ট্রেশন ম্যানুয়ালটি জনগণের হাতে পৌঁছাতে নতুন করে খসড়াটি করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব শহীদুল হকের সভাপতিত্বে আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (বিআইসিএফ) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।