মানবতাবিরোধী অপরাধে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আবুল খায়ের গোলাপ ওরফে গোলাপ মিয়া, মোহাম্মদ জামালউদ্দীন আহম্মদ। ছবি: প্রথম আলো
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আবুল খায়ের গোলাপ ওরফে গোলাপ মিয়া, মোহাম্মদ জামালউদ্দীন আহম্মদ। ছবি: প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ বৃহস্পতিবার সংস্থার ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান আবদুল হান্নান খান এ তথ্য জানান।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন আবুল খায়ের গোলাপ ওরফে গোলাপ মিয়া (৬৬), মোহাম্মদ জামালউদ্দীন আহম্মদ (৬৫) ও শেখ গিয়াসউদ্দিন আহম্মদ (৭০)। তাঁদের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায়। এঁদের মধ্যে গোলাপ ও জামালউদ্দীন গ্রেপ্তার রয়েছেন। গিয়াসউদ্দিন পলাতক। তাঁদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনা সংগঠনের স্থান হবিগঞ্জের নবীগঞ্জে।

সংবাদ সম্মেলনে আবদুল হান্নান খান জানান, পাকিস্তান আমলে আবুল খায়ের গোলাপ ও তাঁর বাবা মতিউর রহমান ছিলেন কনভেনশন মুসলিম লীগের সমর্থক। ১৯৭১ সালে আবুল খায়ের গোলাপ ছিলেন নবীগঞ্জ থানার গজনাইপুর ইউনিয়নের রাজাকার কমান্ডর। তাঁর বাবা ছিলেন ওই ইউনিয়নের শান্তি কমিটির সদস্য। কিন্তু সময়ের আবর্তনে আবুল খায়ের গোলাপ ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত নবীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং গজনাইপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

মোহাম্মদ জামালউদ্দীন আহম্মদ ছিলেন আবুল খায়ের গোলাপের ঘনিষ্ঠ বন্ধু। তিনিও কনভেনশন মুসলিম লীগের সমর্থক ছিলেন। বর্তমানে বিএনপির সমর্থক। আসামি শেখ গিয়াসউদ্দিন আহম্মদ গজনাইপুর ইউনিয়নের শান্তি কমিটির কনভেনর ছিলেন। বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

তাঁদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ১৯৭১ সালের ৯ নভেম্বর ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত আবুল খায়ের গোলাপ ও জামালউদ্দীন আহম্মদ ২০ থেকে ২৫ জন পাকিস্তানি আর্মি নিয়ে নবীগঞ্জ থানার মামদপুর হিন্দুপাড়া ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে পুলিন বাবু রায়কে হত্যা করেন। তাঁরা গৌরী রানীসহ মোট ১০ জনকে আটক ও অপহরণ করে দিনারপুর আর্মি ক্যাম্পে নিয়ে নির্যাতন করে। এদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের চারজনকে হত্যা করে। এ অভিযানে দুজন নারীকে পাকিস্তানি আর্মি ধর্ষণ করে। রাজাকাররা কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেয়।

২০১৭ সালের ১২ এপ্রিল আবুল খায়ের গোলাপকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২৩ নভেম্বর গ্রেপ্তার হন জামালউদ্দীন। ট্রাইব্যুনালের ধারণা গিয়াসউদ্দিন আহম্মদ লন্ডনে পলাতক। তাঁদের বিরুদ্ধে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি তদন্ত শুরু হয়।