মানবতাবিরোধী অপরাধে সংগঠনেরও বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠনের বিচার ও শাস্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ সংশোধনের জন্য আইনের খসড়া মন্ত্রিসভায় উঠছে ।

আইন মন্ত্রণালয়ের সূত্রমতে, খসড়ায় মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনকে নিষিদ্ধ এবং ভবিষ্যৎ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে ।

আইন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই সংশোধনী হলে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠা সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিচারে বাধা দূর হবে। সংগঠনটির বিরুদ্ধে ওই অভিযোগের তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের অভিযোগ, প্রস্তুতি শেষ পর্যায়ে এসে থেমে আছে।

আইনমন্ত্রী আনিসুল হক আজ বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, আইনের খসড়া মন্ত্রিসভায় জমা দেওয়া হয়েছে। মন্ত্রিসভার আগামী বৈঠকে না পারলে এর পরের বৈঠকেই আইনের খসড়াটি উঠবে। অবশ্য এর আগেও আইনমন্ত্রী একাধিকবার আইনের খসড়াটি শিগগিরই মন্ত্রিসভায় উঠবে বলে মন্তব্য করেছিলেন।

আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, খসড়ার একটি উপধারায় বলা হয়েছে, ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবেন এবং এর নিজ নামে বা অন্য কোনো নামে ভবিষ্যৎ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। পাশাপাশি মামলার বিষয়বস্তু সাপেক্ষে সংগঠনটির সদস্যদেরও ট্রাইব্যুনাল সাজা দিতে পারবেন। বিদ্যমান আইনে কেবল ব্যক্তির সাজার বিধান রয়েছে।

খসড়ায় আরেকটি ধারা সংশোধনের প্রস্তাব করে বলা হয়েছে, কোনো সংগঠনের কার্যনির্বাহী কমিটি অথবা কেন্দ্রীয়, আঞ্চলিক বা স্থানীয় কমিটির সদস্য যদি অপরাধ করেন, তবে ওই অপরাধের জন্য সদস্যের পাশাপাশি সংগঠনও দায়ী হবে। খসড়া অনুসারে, সংগঠনের বিরুদ্ধে মামলার বিচারের ক্ষেত্রে অন্যান্য মামলার মতোই ট্রাইব্যুনাল তাঁর কার্যপ্রণালি বিধিমালা অনুসারে অভিযোগ গঠন, দোষী সাব্যস্তকরণ ও রায় ঘোষণা করবেন। এই সংশোধনী হলে এটি হবে এই আইনের চতুর্থ সংশোধনী।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ২০১৩ সালের আগস্ট মাসে তদন্ত শুরু হয়। গত বছরের ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। এরপর আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুতির কাজ শুরু করে রাষ্ট্রপক্ষ। ওই সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে সংগঠনের বিচার ও শাস্তির বিধান নেই। মন্ত্রীর ওই বক্তব্যের পর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ প্রস্তুতিতে ছেদ পড়ে। পরে আইনটি সংশোধনের উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়। কিন্তু এতদিনেও সেই উদ্যোগ বাস্তবতা লাভ করেনি। অবশেষে আইনের খসড়াটি মন্ত্রিসভায় উঠছে।