মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির মৃত্যু
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া নেত্রকোনার আহম্মদ আলী (৭৮) গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন আহম্মদ আলী। গত মঙ্গলবার রাত নয়টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতাল-২-এর ৭০১ নম্বর ওয়ার্ডে ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
হাসপাতালে আহম্মদ আলীর ছেলে দুলাল আহম্মদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাসিয়া থেকে আহম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম প্রথম আলোকে বলেন, আহম্মদ আলীকে ১০ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি হাঁপানি, ব্রঙ্কাইটিসসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।