একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করার আগে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যার বিচার করার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তাঁর দাবি, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার ‘চক্রান্ত’ একই সূত্রে গাঁথা। গতকাল শনিবার বিকেলে বড় মগবাজারে আল-ফালাহ্ মিলনায়তনে আয়োজিত এক ওলামা সম্মেলনে নিজামী এ কথা বলেন। দীর্ঘ বক্তব্যে নিজামী বর্তমান সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং দেশের স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করছে দাবি করে তাঁর অভিযোগের পক্ষে যুক্তি তুলে ধরেন। নিজামী দাবি করেন, দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করা এবং ‘সম্প্রসারণবাদীদের’ তৎপরতার প্রতিবাদকারীদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া—এই দুই উদ্দেশ্যেই মানবতাবিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।জামায়াতের আমির বলেন, বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের মূল কুশীলবদের বিচার থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনাকে হজম করার চেষ্টা করা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হলে এই বিচার আগে করতে হবে। ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান সম্মেলনে সভাপতি হিসেবে বক্তব্য দেন। বক্তাদের মধ্যে আরও ছিলেন বিশেষ অতিথি জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির আবুল কালাম মোহাম্মদ ইউসুফ ও মকবুল আহমাদ। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী।