বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিস (আইসিটিজে)।গতকাল সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সঙ্গে বৈঠক শেষে আইসিটিজের দুই প্রতিনিধি সাংবাদিকদের এ কথা বলেন।প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আইসিটিজের পরিচালক (এশিয়া কর্মসূচি) প্যাট্রিক বার্গেস ও পরিচালক (অপরাধী বিচার কর্মসূচি) ম্যারিক ওয়ের্ডা উপস্থিত ছিলেন।প্যাট্রিক বার্গেস বলেন, প্রসিকিউটরদের সঙ্গে বিচারের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশে যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার বিচার নিয়ে আন্তর্জাতিক মহলের যথেষ্ট মনোযোগ আছে।আইসিটিজের দুই প্রতিনিধি এর আগে বেলা ১১টার দিকে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার কার্যালয় পরিদর্শন করেন। তাঁরা তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।