চট্টগ্রামে এক অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া নস্যাৎ করার জন্যই চট্টগ্রামের হাটহাজারীতে ধর্মীয় স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ-এর নেতারা এই অভিযোগ করেন। সভায় উপস্থিত ছিলেন মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তালুকদার, আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, মঞ্চ নেতা ডা. রশিদ ই মাহমুদ, সুপ্রিম কোর্টের আইনজীবী হরিসাধন দেব বর্মণ, নোমান খান, সাংবাদিক বালাগাত উল্লাহ প্রমুখ। নেতারা বলেন, ঘটনাস্থলের আলামত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তাঁরা জেনেছেন, ধর্মীয় স্থাপনা ভাঙার ঘটনাটি পূর্বপরিকল্পিত। আগের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের দুই কর্মী নিহত হওয়ার ঘটনার জের ধরেই ঘটনাটি ঘটানো হয়েছে। সভায় বক্তারা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। গত বৃহস্পতি ও শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নন্দীরহাটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।