মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত ত্বরান্বিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল রোববার বিকেল চারটায় চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন: সমিতির সহসভাপতি মোহাম্মদ আবুল মনছুর, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, নির্বাহী সদস্য খসরুল আলম কুদ্দুসী, নাজনীন নাহার, আবু নোমান, সুকান্ত ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির আহ্বায়ক ইমরান হোসেন, নাট্য সংগঠক মো. সাইফুল আলম, মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার সভানেত্রী লতিফা কবির, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মিল্টন বিশ্বাস প্রমুখ। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে। মানববন্ধন কর্মসূচি শেষে পেন্টাইন নাট্য পরিষদের শিল্পীরা মূকাভিনয় পরিবেশন করেন। বক্তারা বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করতে হবে। আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা যেন অন্যান্য অপরাধীদের ক্ষেত্রেও বলবৎ থাকে। বাচ্চু রাজাকারকে ধরে আইনের আওতায় এনে দ্রুত রায় কার্যকর করা হোক। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে জড়িত অন্যদের বিচারকাজও দ্রুত সম্পন্ন করা হোক।