একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়।সেখানে সিপিবির জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল সাহা, শহর কমিটির সাধারণ সম্পাদক সাহানারা বেগম প্রমুখ।বক্তারা বলেন, ১৯৭৫ সালে পটপরিবর্তনের পর প্রতিক্রিয়াশীল চক্র বিভিন্ন সময়ে বাহাত্তরের মূল সংবিধানের পরিপন্থী সংশোধনীর মাধ্যমে দেশকে পাকিস্তানি ভাবাদর্শে নিয়ে যায়। একাত্তরের ঘাতক দালাল, যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা হয়। গত ৪০ বছরে কোনো সরকার এই যুদ্ধাপরাধীদের বিচার করেনি। বর্তমান মহাজোট সরকার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ শুরু করেছে। কিন্তু একটি বিশেষ মহল এই যুদ্ধাপরাধীদের রক্ষায় তৎপর। মহলটি নানা চক্রান্ত করছে। এই চক্রান্তকারীদের প্রতিহত করে সরকারকে অবিলম্বে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ সম্পন্ন করতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে।