একাত্তরে মানবতাবিরোধী অপরাধকারীদের বিচার দ্রুত সম্পন্ন করে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি তুললেন নারী মুক্তিযোদ্ধারা। এ ছাড়া স্বাধীনতার এত দিন পরও তাঁদের অবদানের স্বীকৃতি না মেলায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।গতকাল বুধবার জাতীয় মহিলা সংস্থা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নারী মুক্তিযোদ্ধারা তাঁদের এ দাবি ও অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানের অন্য আলোচকেরাও মতৈক্য ব্যক্ত করেন এ বিষয়ে। অনুষ্ঠানে মরণোত্তরসহ মোট ১৩ জন নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়। মুক্তিযোদ্ধা ও সাংসদ জোবেদা খাতুন বলেন, ‘অস্ত্র হাতে যুদ্ধ করার পাশাপাশি নারীরা বাবা, ভাই বা স্বামীকে যুদ্ধে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন।’মুক্তিযোদ্ধা নিবেদিতা দাশ পুরকায়স্থ বলেন, ‘ইতিহাসে নারী মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি মেলেনি।’অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘নারী মুক্তিযোদ্ধাদের অবদানকে ইতিহাসে স্থান দিতে হবে।’ তিনি সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম। আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম। এবার সংবর্ধনা দেওয়া হলো নিবেদিতা দাশ পুরকায়স্থ, রওশন আরা, শ্যামলী নাসরিন চৌধুরী, নসিবুন আহমেদ, এস এম আনোয়ারা বেগম, সুলতানা ফেরদৌস আরা খানম, রেখা সাহা, রাশেদা ইসলাম, স্বপ্না দত্ত, বেগম ফজিলাতুন্নেছা, জোবেদা খাতুন, নুরুন্নাহার জহুর এবং বেগম আমিনা মনসুরকে। শেষের দুজনকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে।