স্মারক বক্তৃতায় অধ্যাপক মইনুল ইসলাম
মানবতাবিরোধী অপরাধের বিচার মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করেছে
বর্তমান গণতন্ত্রের সংকট এবং ধর্মান্ধ জঙ্গিবাদী তাণ্ডব জাতির সব অর্জনকে তছনছ করে দিতে উদ্যত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইউজিসি অধ্যাপক মইনুল ইসলাম। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্তমান মহাজোট সরকারকে সাংবিধানিক বৈধতা দিলেও ‘পপুলার লেজিটিমেসি’ দিতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রীভবন ও গণতন্ত্রের সংকট: উন্নয়ন সম্ভাবনার প্রেক্ষাপটে’ শীর্ষক স্মারক বক্তৃতায় মইনুল ইসলাম এসব মন্তব্য করেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের শাস্তি কার্যকর করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত ও শাণিত করার ধারা জোরদার হয়েছে। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট এই বিচারকে বিতর্কিত করার অপপ্রয়াস চালালেও জাতিকে ইতিহাসের দায়মুক্তির সুযোগ এনে দিয়েছে এই বিচারপ্রক্রিয়া।
বরেণ্য সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব এই স্মারক বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। স্মারক বক্তা মইনুল ইসলামকে পরিচয় করিয়ে দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
সাংবিধানিকভাবেই দেশের প্রধানমন্ত্রী একনায়কের মতোই ক্ষমতাবান বলে স্মারক বক্তৃতায় উল্লেখ করেন মইনুল ইসলাম। তিনি বলেন, বর্তমান শাসনব্যবস্থা ‘নির্বাচিত একনায়কতন্ত্র’। ক্ষমতাসীন দল বা জোটের সাংসদেরা নিজ নিজ নির্বাচনী এলাকায় সামন্ত-জমিদারের মতো ক্ষমতা ফলানোর সংস্কৃতিতে অভ্যস্ত হলেও প্রধানমন্ত্রীর সামনে অসহায় স্তাবকের ভূমিকায় অবতীর্ণ হতে হচ্ছে তাঁদের।
বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রীভবন গণতন্ত্রের বর্তমান সংকটের জন্য মূলত দায়ী বলে উল্লেখ করেন এই অধ্যাপক। তিনি বলেন, উন্নয়নের ধারক-বাহক হতে হলে বাংলাদেশ রাষ্ট্রকে অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে হবে। অবাধ, সুষ্ঠু ও জালিয়াতিমুক্ত নির্বাচনে জনগণের ভোটে জনপ্রতিনিধিরা যাতে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সব নির্বাচনে নির্বাচিত হতে পারেন, সে ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
মইনুল ইসলাম বলেন, ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের একজন প্রতাপান্বিত রাজনীতিবিদ ও সাবেক স্পিকারকে পরাজিত করেছিলেন অধ্যাপক মোহাম্মদ খালেদ। তিনি সংবিধান প্রণয়ন কমিটির সদস্যও ছিলেন। পরে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে দৈনিক আজাদীর সম্পাদক হিসেবে আমৃত্যু চট্টগ্রামের জনসমাজ, বিদ্বৎসমাজ এবং গণমাধ্যম জগতের অভিভাবকের ভূমিকা পালন করেছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটির উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ ও অধ্যাপক খালেদের ছেলে মো. জহির।