মানবতাবিরোধী অপরাধের বিচারে আইনি প্রক্রিয়া অনুসরণ হচ্ছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময়ে দখলদার বাহিনীর সহযোগী হয়ে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। এই বিচার-প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হলে তা ঠিক হবে না। বিচারে যথাযথ আইনি-প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।ব্রিটিশ হাইকমিশনারের আলোচনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিভিন্ন মহল যে প্রশ্ন তুলছে, সে বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার জানতে চেয়েছেন। বিচারের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও কারণ সম্পর্কে অবহিত করা হলে ব্রিটিশ হাইকমিশনার তাতে সন্তোষ প্রকাশ করেন।পরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি তাকাও তোদা আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।