মানবতাবিরোধী অপরাধের মামলা: ২৯তম রায় কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৯তম মামলার রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে।

জামায়াত নেতা ও গাইবান্ধার সাবেক সাংসদ আবু সালেহ মুহাম্মদ আবদুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি ২৩ অক্টোবর যেকোনো দিন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি আমির হোসেন ও অবসরোত্তর ছুটিতে থাকা ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর সাবেক বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার। নবগঠিত এ ট্রাইব্যুনালে এটিই হবে প্রথম রায়।

এ মামলার প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, এ মামলার আসামিরা মুক্তিযুদ্ধের সময় ভয়ংকর অপরাধ করেছেন। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে দাবি করে তিনি বলেন, আসামিরা তাঁদের স্থানীয় এলাকাকে নেতৃত্বশূন্য করতে মুক্তিযুদ্ধের পক্ষের ১৩ জন নির্বাচিত প্রতিনিধিসহ (চেয়ারম্যান-মেম্বার) মোট ১৪ জনকে নির্মমভাবে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেছেন। আসামিদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ সাজার রায় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ৯ মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রেখেছিলেন। বিচারপতি আনোয়ারুল হক মৃত্যুবরণ করায় ট্রাইব্যুনাল পুনর্গঠন করে গত ১১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়। নবগঠিত ট্রাইব্যুনালে মামলাটি পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করে আদেশ দেন। সে অনুযায়ী পুনরায় যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এখন রায় ঘোষণার অপেক্ষা।

এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে আনা আরও ২৮ মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার অন্য আসামিরা হলেন মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আবদুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আবদুর রহিম মিঞা (৬২)। ছয় আসামির মধ্যে মো. আবদুল লতিফ কারাগারে আছেন, বাকি পাঁচজন পলাতক আছেন।

আজিজসহ গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আবদুল আজিজ মিয়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের অধীনে জামায়াত থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ-১ আসনে সাংসদ ছিলেন।